
অনলাইন ডিজিটাল ডেস্ক।
গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ, মিছিল, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থাপনায় হামলার অভিযোগে দিনভর উত্তেজনা বিরাজ করেছে। টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়, নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গোপালগঞ্জ শহরেও বিএনপির কার্যালয়, বিভিন্ন ব্যানার-ফেস্টুন ও স্থাপনায় হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করা হয়।
রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে গোপালগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র হাতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের আশপাশে জড়ো হতে থাকেন। পরে দুপুরের দিকে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে গিয়ে অবস্থান নেয়।
বিক্ষোভের একপর্যায়ে কলেজের প্রধান ফটকের সামনে থাকা ‘গোপালগঞ্জ সরকারি কলেজ’ লেখা নামফলক ভেঙে ফেলা হয়। পরে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। এরপর কলেজের প্রধান ফটকের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।
এ সময় শহরের বিভিন্ন স্থানে টাঙানো বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়। প্রেসক্লাব ও পৌরসভার সামনের সড়কসহ বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। একপর্যায়ে বিক্ষোভকারীরা ব্যাংকপাড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে তালা খুলে ভেতরে প্রবেশ করেন এবং সেখানে স্লোগান দেন।
এ ছাড়া পুলিশের একটি সাঁজোয়া যানেও ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিক্ষোভ চলাকালে শহরের বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং পুরো জেলা শহরজুড়ে অচলাবস্থার সৃষ্টি হয়।
অপরদিকে, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভেঙে সেখানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ লেখা নামফলক টাঙিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
টুঙ্গিপাড়াতেও দিনভর একের পর এক বিক্ষোভ ও মিছিল করেন আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে উপজেলার বাঁশবাড়িয়া, ডুমুরিয়া, পাটগাতী বাজার ও পাটগাতী স্ট্যান্ড এলাকায় দফায় দফায় মিছিল হয়।
পাটগাতী স্ট্যান্ড এলাকায় অগ্নিসংযোগের ঘটনায় ঢাকা-পিরোজপুর মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। দুপুরে পাটগাতী বাজারে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও যুবদলের কার্যালয়েও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এ ছাড়া টুঙ্গিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম শেখের বাড়িতে অগ্নিসংযোগ, চৌরঙ্গী এলাকার মাহমুদ মেম্বারের দোকানে আগুন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক চিকিৎসক জাফরের চেম্বার ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। বিএনপি নেতা রাকিবের গোডাউন ও কাঠের ব্যবসাপ্রতিষ্ঠানেও আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
পরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে গিয়ে শপথ নেন। এ সময় টুঙ্গিপাড়ার বিভিন্ন সড়কে খণ্ড খণ্ড মিছিল করতে দেখা যায়।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাতে টুঙ্গিপাড়ার নিলফা বাজারে কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় আশপাশের কয়েকটি দোকানেও ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ ওঠে। পরে নিলফা বাজার থেকে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে পাটগাতী-গোপালগঞ্জ সড়ক অবরোধ করে রাখা হয়।
বিক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতি ঘিরে শনিবার রাত থেকেই জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনে পুলিশ মোতায়েন করা হয়। এর আগে গত ১০ নভেম্বর জেলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল।
রোববার বিকেলে গোপালগঞ্জ সার্কিট হাউসে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ ব্রিফিং করে বিজিবি। সেখানে যশোর ক্যান্টনমেন্টের ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির প্রায় দেড়শ সদস্য মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিতভাবে দায়িত্ব পালন করে আসছে।
তবে, দিনভর বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগের বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আয়ুব আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
তিনি বলেন, পুলিশ, বিজিবি, আনসার ব্যাটালিয়ন, এপিবিএনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সম্মিলিত প্রচেষ্টায় বিক্ষোভ মিছিল হলেও কোনো স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়নি। জেলায় জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি কাজ করছে।
এ সময় ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, গোপালগঞ্জ জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.