নারায়ণগঞ্জে অনলাইন ট্রেডিংয়ে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রতারনার মাধ্যমে প্রায় ১১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ফের ১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা পিবিআইয়ের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম, আব্দুল্লাহ সরকার (৩৯) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাসিন্দা।
উল্লেখ্য, গত ২১ নভেম্বর কামারখন্দ থানা পুলিশের সহযোগিতায় আব্দুল্লাহ সরকারকে গ্রেপ্তার করা হয়।
পরদিন তাঁকে নারায়ণগঞ্জে এনে বিজ্ঞ আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, এ মামলার বাদী নারায়ণগঞ্জ শহরের টানবাজারের ব্যবসায়ী মো. নুর কামাল আজাদ (৪৮)। অনলাইনে বিনিয়োগের মাধ্যমে লাভের আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে ১০ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা নেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করেন।
পিবিআইয়ের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে চক্রটি বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করত। পরে ওই অর্থ ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে দেশ-বিদেশে সহযোগীদের কাছে পাঠানো হতো।
এর আগে, একই মামলায় গত ৬ জুলাই নাজমুল হোসেন (৪১) ও হাবিব মিয়া (৩০) নামে দুজনকে গ্রেপ্তার করে পিবিআই।
তাদেরকে ঢাকার আফতাবনগর ও নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল।
তবে, চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই।
