বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকার যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান।
এ সময় তিনি উল্টো পথে আসা যানবাহন ঘুরিয়ে দেন এবং সড়কে বিশৃঙ্খলভাবে দাঁড়িয়ে থাকা গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ দেন।
বুধবার (১৪ অক্টোবর) সকালে পুলিশ সুপার(এসপি) চাষাঢ়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখেন। এ সময় তাঁর সঙ্গে ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে পুলিশ সুপার(এসপি) মো. হাবিবুর রহমান বলেন, ‘আগের তুলনায় নারায়ণগঞ্জ শহরের যানজট পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
তবে পুরোপুরি যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে। এ কাজে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও ব্যবসায়িক সংগঠনগুলো ঐকান্তিকতার সাথে সহযোগিতা করছে।’
তিনি বলেন, ‘শুধু পুলিশের একার পক্ষে যানজট পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। চালক, যাত্রী ও পথচারী সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। উল্টো পথে যানবাহন চালানো, যত্রতত্র গাড়ি পার্কিং এবং ফুটপাত দখল বন্ধ করা গেলে যানজট আরও কমে আসবে।’
পুলিশ সুপার(এসপি) জানান, চাষাঢ়া, ২ নম্বর রেলগেট, খানপুর এবং চাষাঢ়া-সাইনবোর্ড সড়কে ব্যস্ত সময়ে অতিরিক্ত ট্রাফিক পুলিশ ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
পাশাপাশি অবৈধ পার্কিং ও ফুটপাত দখলের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।