ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত তিনটি ইজিবাইক ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার সকাল ১১টার দিকে টেকনাফ থানার কেরুনতলী সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক তিনটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা পরিবহনের সঙ্গে জড়িত দুই মাদক কারবারিকে আটক করা হয়।
অভিযানে দুটি মোবাইল ফোন ও পাচারের কাজে ব্যবহৃত তিনটি ইজিবাইক জব্দ করা হয়েছে। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে একজন ইজিবাইকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
আটক ব্যক্তিদের এবং জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।