হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ ৪০ হাজার ৬৭০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (০৪ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (০৪ অক্টোবর) রাত আড়াইটার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ ধর্মদাহ মাঠ এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় সাত বোতল ভারতীয় মদ ও ৪ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।
এরপর সকাল সাড়ে ৫টার দিকে রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ নিচপাড়া কাঁচা রাস্তা এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৬৪ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।
এছাড়া সকাল ৯টার দিকে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ প্রাগপুর ফুটবল মাঠের দক্ষিণ পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে ১ দশমিক ৯ কেজি ভারতীয় গাঁজা ও একটি বাইসাইকেল উদ্ধার করে বিজিবি।
বিজিবি জানায়,পৃথক তিনটি অভিযানে উদ্ধার হওয়া মাদক ও ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের প্রায় ১৫ লাখ ৪০ হাজার ৬৭০ টাকা। এসব অভিযানে কোনো মালিককে আটক করা সম্ভব হয়নি।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে,সীমান্তে মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।