ছবি- ভিডিও থেকে নেওয়া
স্টাফ রিপোর্টার।।
রাজধানীর ধানমন্ডি এলাকার ফুটপাতে এক ব্যক্তিকে মারধর করা যুবক খালিদ হাসানকে (৩৫) আটক করেছে পুলিশ। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে ধানমন্ডির মীনা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। মারধরের সময় ঘটনাস্থলে উপস্থিত ধানমন্ডি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হাইকে কর্তব্যে অবহেলার অভিযোগে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে ধানমন্ডি থানা পুলিশ। আজ বিকেলে সমকালকে এসব তথ্য জানান ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব।
ওসি ইমদাদুল ইসলাম বলেন, গত সোমবার দুপুরে ধানমন্ডি সাতমসজিদ রোডের বেসরকারি বাংলাদেশ আই হসপিটালের উল্টো দিকে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামের এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় জড়িত খালিদ হাসানকে আটক করা হয়েছে। পরে তাঁকে ডিএমপির রমনা জোনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। খালিদ একটি বেসরকারি প্রতিষ্ঠানের গ্রাফিকস ডিজাইনার। মারধরের শিকার শহীদ আবদুল্লাহ মানসিক রোগে আক্রান্ত। তাকে মারধরের সময় ধানমন্ডি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হাই সহ আরও দুই পুলিশ সদস্য পাশেই ছিল। এসময় কোনো ব্যবস্থা না নেওয়ায় কর্তব্যে অবহেলার অভিযোগে আবদুল হাইকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। আর পুলিশের বাকি দুই সদস্য পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (দাঙ্গা দমন বিভাগের)। তাঁদের ব্যাপারে তিনি কিছু জানেন না।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এক যুবক রাগ ও ক্ষোভের সঙ্গে গালাগাল করতে করতে ওই ব্যক্তিকে থাপ্পড় ও লাথি মারছেন। এ সময় আশপাশে ভিড় করেন পথচারীরা। তাঁদের কেউ কেউ ঘটনাটি দেখছেন, আবার কেউ কেউ মোবাইলে ভিডিও করছেন।
ভিডিওতে দেখা যায়, ফুটপাতের এ ঘটনা যখন ঘটছে, তখন কয়েক হাত দূরে পুলিশের দুই সদস্য উপস্থিত ছিলেন। আশপাশে ভিড় করা পথচারীদের মতো তাঁরাও ঘটনাটি দেখছিলেন।
পুলিশ জানায়, আবদুল্লাহ এক নারীকে ‘ব্যাড টাচ’ করার অভিযোগ উঠে। পরে তিনি তাঁর এক স্বজনকে মুঠোফোনে ডেকে আনেন। পরে তিনি এসে আবদুল্লাহকে মারধর করেন বলে অভিযোগ পাওয়া যায়।