অনলাইন ডিজিটাল ডেস্ক।।
সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ‘ক্রসফায়ার’ করবে বলে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) এমন বক্তব্যের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, এ ধরনের বক্তব্য বিচারবহির্ভূত হত্যাকে অপরাধ দমনের গ্রহণযোগ্য পন্থা হিসেবে প্রতিষ্ঠার বিপজ্জনক বার্তা দেয়।
বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রশ্ন তোলেন, আইনশৃঙ্খলা রক্ষায় নিজেদের ব্যর্থতা আড়াল করতেই কি পুলিশপ্রধান ক্রসফায়ারের মতো বিতর্কিত পদ্ধতিকে সামনে আনছেন? সরকারের অনুমতির কথা বলে বিচারবহির্ভূত হত্যাকে বৈধতা দেওয়ার চেষ্টা আইনসম্মতভাবে অপরাধ দমনে ব্যর্থতারই স্বীকারোক্তি কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
টিআইবির নির্বাহী পরিচালকের মতে, পুলিশপ্রধানের এমন বক্তব্য মাঠপর্যায়ে বেআইনি বলপ্রয়োগের প্রচ্ছন্ন অনুমোদন হিসেবে বিবেচিত হওয়ার ঝুঁকি রয়েছে। আইন মেনে পুলিশ বাহিনী পরিচালনার দায়িত্ব যার, তিনিই ক্রসফায়ারকে বিকল্প হিসেবে তুলে ধরলে তার নেতৃত্বের যোগ্যতা ও দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
বিজ্ঞপ্তিতে টিআইবি আরও জানায়, পুলিশের বলপ্রয়োগ অবশ্যই আইনসম্মত, প্রয়োজনীয় ও পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, কেবল জীবন রক্ষায় একান্ত অনিবার্য পরিস্থিতিতে প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার গ্রহণযোগ্য হতে পারে। তবে এ সুযোগকে কোনোভাবেই বিচারবহির্ভূত হত্যার অনুমোদন হিসেবে দেখানোর অবকাশ নেই।
এদিকে, অর্থ না পেয়ে সাংবাদিকেরা পুলিশের সমালোচনা করেন, এমন অভিযোগেরও সমালোচনা করেছে টিআইবি। সংস্থাটি বলেছে, কোনো সাংবাদিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ থাকলে প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কিন্তু ঢালাও অভিযোগ গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে।
এ ধরনের বক্তব্য স্বাধীন সাংবাদিকতাকে নিরুৎসাহিত করার ঝুঁকি তৈরি করে বলেও সতর্ক করেছে সংস্থাটি।
