ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে সীমান্তবর্তী এলাকা থেকে এক লাখ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে ৬৪ বিজিবি।
শনিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে জীম্বংখালী বিওপির বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন-টেকনাফের জীম্বংখালী গ্রামের নূর মোহাম্মদের ছেলে মো. সোহেল রানা (২১) এবং একই এলাকার মো. আবদুর রহিমের ছেলে মো. মামুন (২১)।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ৯টা ১০ মিনিটের দিকে জীম্বংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী জিয়া খাল এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার দিক থেকে দুই ব্যক্তিকে দুটি পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে তাদের চ্যালেঞ্জ করা হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুজনকে আটক করা হয়। পরে তাদের বহন করা পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১০ কার্টনে এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানিয়েছে, মাদক সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তি ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।