ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিচালিত অটোরিকশার গোপন চেম্বার থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় অটোরিকশার চালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশির সময় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটক চালকের নাম সাইফুল ইসলাম (২৯)। তিনি কক্সবাজারের রামু উপজেলার ধোঁয়াপালং গ্রামের হোসেন আহামদের ছেলে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজিবি সূত্র জানায়, হোয়াইক্যং থেকে রামুগামী একটি সিএনজি চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালান দায়িত্বে থাকা সদস্যরা। এ সময় অটোরিকশাটির ডান পাশে একটি সন্দেহজনক চেম্বার নজরে আসে। পরে চেম্বারটি পরীক্ষা করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেট থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় চালককে আটক করা হয়।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক হোয়াইক্যং থেকে ইয়াবা কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে রামুতে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন।
৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও এ কারবারে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।