ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে দেড় লাখ ইয়াবাসহ তিন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মহেশখালীপাড়া এলাকায় মেরিন ড্রাইভসংলগ্ন পুরুল্লার ঘাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পুরুল্লার ঘাট এলাকায় কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এর ভিত্তিতে বেলা সাড়ে ২টার দিকে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে মোট ১ লাখ ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন ফোনও জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-উখিয়ার কুতুপালং ক্যাম্পের ইমাম হোসেন (৪৫), বালুখালী ক্যাম্পের নূর আলম (২৭) এবং জম মুল্লোক (৫০)।
এসআরবি-১৫ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। উদ্ধার করা ইয়াবা ও জব্দ আলামতসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।