অনলাইন ডিজিটাল ডেস্ক।।
গাজীপুরে ভুয়া মামলা দিয়ে শতাধিক মানুষকে চরম ভোগান্তি ও হয়রানির অভিযোগে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলামকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে গণমাধ্যমে গাজীপুরে ভুয়া মামলা বানিয়ে সাধারণ মানুষকে হয়রানি করার বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন সম্প্রচার করা হয়েছিলো। প্রতিবেদনটি গণমাধ্যমে আসার পর বিষয়টি আইন মন্ত্রণালয়ের নজরে আসে এবং সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে বিচারক আরিফুল ইসলামের বিরুদ্ধে এই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়।
আইন মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) খাদেম উল কায়েসের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, শরীয়তপুরের সাবেক সিনিয়র সহকারী জজ (পরবর্তীতে ঢাকার যুগ্ম জেলা ও দায়রা জজ) এবং বর্তমানে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলামের বিরুদ্ধে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭’-এর বিধি ২ (ক) ও ২ (চ) অনুযায়ী যথাক্রমে ‘অদক্ষতা’ ও ‘অসদাচরণের’ অভিযোগে একটি বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, আনীত অভিযোগগুলোর সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত ও অনুসন্ধানের স্বার্থে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া প্রয়োজন বলে সুপ্রিম কোর্ট পরামর্শ প্রদান করে। সেই পরামর্শের ভিত্তিতে জুডিশিয়াল সার্ভিস শৃঙ্খলা বিধিমালার ১১ বিধি অনুযায়ী তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তবে জনস্বার্থে জারি করা এই আদেশ চলাকালীন সময়ে বরখাস্তকৃত বিচারক বিধি অনুযায়ী তাঁর প্রাপ্য খোরাকি ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে নিশ্চিত করা হয়েছে।