অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) নাম পরিবর্তন করে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ (এসআরইউ) করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ— ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এখন ‘এসআরইউ ডিএমপি’ নামে কার্যক্রম পরিচালনা করবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন কাঠামোর আওতায় দেশের বিভিন্ন মেট্রোপলিটন এলাকায় প্রয়োজন অনুযায়ী এসআরইউর শাখা গঠন করা হবে। এসব ইউনিট সংশ্লিষ্ট মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কমান্ডে পরিচালিত হবে। তবে সামগ্রিক শৃঙ্খলা ও কেন্দ্রীয় সমন্বয় থাকবে এসআরইউর দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপির অধীনে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগে এটিইউ সদর দফতরে কর্মরত কর্মকর্তাদের সারাদেশে উগ্রবাদী কার্যক্রমের বিরুদ্ধে কাজ করার এখতিয়ার ছিল। এখন পুরো কার্যক্রমকে আরও সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামোর মধ্যে নিয়ে আসা হচ্ছে।
তিনি বলেন, ‘প্রয়োজন অনুযায়ী প্রত্যেক মেট্রোপলিটন এলাকায় এসআরইউর শাখা গঠন করা হবে। সেখানে প্রয়োজনীয় সংখ্যক সদস্য ও কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। দেশের অন্য যেসব এলাকায় প্রয়োজন হবে, সেখানেও ইউনিট গঠন করা হবে।’
কেন্দ্রীয় সমন্বয়ের জন্য এসআরইউর প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী অতিরিক্ত আইজিপির নেতৃত্বে এসব কার্যক্রম পরিচালিত হবে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, সিটিটিসিকে আনুষ্ঠানিকভাবে পৃথক সাংগঠনিক ইউনিট হিসেবে গঠন করা হয়নি এবং এটি ডিএমপির অধীনেই কার্যক্রম পরিচালনা করে আসছিল। প্রজ্ঞাপনের মাধ্যমে এখন পুরো ব্যবস্থাকে একটি সমন্বিত সাংগঠনিক কাঠামোর আওতায় আনা হচ্ছে।
তিনি বলেন, এসআরইউর সদর দপ্তর আগারগাঁওয়ে স্থানান্তর করা হয়েছে। সেখানে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি অবস্থান করে কেন্দ্রীয় কমান্ড ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন। নতুন ইউনিটের অবকাঠামো, লজিস্টিকস ও প্রযুক্তিভিত্তিক সুবিধাগুলো ধীরে ধীরে গড়ে তোলা হবে।

তিনি জানান, ফরেনসিক ও কেমিক্যাল ল্যাবের কার্যক্রমও আপাতত আগারগাঁওয়ে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের জন্য কেন্দ্রীয়ভাবে একটি বড় ফরেনসিক ও কেমিক্যাল ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে।বিভাগীয় পর্যায়েও ফরেনসিক ও কেমিক্যাল ল্যাব স্থাপনের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে আটটি ল্যাবের কার্যক্রম চলছে। আগামী দুই সপ্তাহের মধ্যে চট্টগ্রাম বিভাগের ল্যাব উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

পুলিশ সদস্যদের মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নতির পথে যেতে হলে প্রথমে নিজেদের মানসিকতার পরিবর্তন করতে হবে। পুলিশের মধ্যে সততা, ন্যায়নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও দেশপ্রেম থাকতে হবে।

তিনি বলেন, নতুন প্রজন্মের জন্য নিরাপদ, সুরক্ষিত ও বাসযোগ্য দেশ রেখে যেতে পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

☞ এপিবিএনকে তদন্তের ক্ষমতা

এপিবিএনকে তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্ব পালনকারী এপিবিএনের প্রায় ৪০০ সাব-ইন্সপেক্টর এতদিন তদন্তের এখতিয়ার পেতেন না। ক্যাম্পে মাদক, অস্ত্র, অপহরণসহ গুরুতর অপরাধের ঘটনা তদন্ত করে মামলা ও অভিযোগপত্র দেওয়ার ক্ষেত্রে শুধু দুটি থানার ওপর নির্ভর করা কঠিন হয়ে পড়েছিল।

তিনি বলেন, ‘এ ধরনের গুরুতর অপরাধের তদন্তে এপিবিএনকে যুক্ত করার প্রয়োজন ছিল। সে কারণেই তাদের তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।’

আইজিপি মো. আলী হোসেন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) খন্দকার রফিকুল ইসলাম।