নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কারবারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘কুত্তা শ্রাবণ’ গ্রুপ ও ‘নবী’ গ্রুপের সংঘর্ষ অস্ত্রের মহড়ার ঘটনায় গুলিভর্তি বিদেশি পিস্তলসহ চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার তারাবো বাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। রাত পৌনে ৯টায় নবনিযুক্ত নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার(এসপি) হাবিবুর রহমান রূপগঞ্জ থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন নাজমুল হোসেন (৩০), নিহাল মিয়া (২১), সাজ্জাদ হোসেন (২০) ও শফিকুল ইসলাম (২৪)।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার(এসপি) হাবিবুর রহমান জানান, তারাবো বাজার এলাকায় মাদক কারবারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই শ্রাবণ ওরফে ‘কুত্তা শ্রাবণ’ গ্রুপের সঙ্গে ‘নবী’ গ্রুপের দ্বন্দ্ব চলছিলো। কয়েকদিন পর পরই তারা উভয় গ্রুপ অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এছাড়া এলাকার জনমনে আতঙ্কে সৃষ্টি করে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গভীর রাতে এই দুই গ্রুপ অস্ত্রের মহড়া দেয়ার সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়ায়।
এ ঘটনায় খবর পেয়ে পুলিশ দ্রুততম সময়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
পুলিশ সুপার(এসপি) জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলার তারাবো বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নবী গ্রুপের চারজনকে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শনিবার আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশ সুপার(এসপি)।