অনলাইন ডিজিটাল ডেস্ক।।
আগামী সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাতের পর সিইসি এ কথা জানান।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সিইসি জানান, শিক্ষার্থীদের পরীক্ষা ও শারদীয় দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে আগামী ডিসেম্বরে প্রথম ধাপে ভোটগ্রহণ আয়োজনের লক্ষ্য রয়েছে নির্বাচন কমিশনের। সেই অনুযায়ী সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে এই নির্বাচনের সময়সূচি (তফসিল) দেওয়া হতে পারে।
স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে খুব শিগগির আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন।
এদিকে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটেও ভোটগ্রহণের ব্যবস্থা থাকছে। এ সংক্রান্ত যাবতীয় প্রকিউরমেন্ট বা কেনাকাটার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলেও জানায় কমিশন।
তবে, নির্বাচনের তারিখ নির্ধারণ প্রসঙ্গে সিইসি উল্লেখ করেন, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঠিক করার পুরো নিয়ন্ত্রণ সব সময় এককভাবে ইসির হাতে থাকে না। সামনে দুর্গাপূজা এবং নভেম্বরে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা রয়েছে। আগামী বছরের শুরুতেই আবার এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ সময় তিনি সার্বিক পরিস্থিতি সমন্বয় করতে নভেম্বরের মধ্যেই সকল ধরনের বার্ষিক পরীক্ষা শেষ করার অনুরোধ জানাবেন বলে উল্লেখ করেন, যাতে ডিসেম্বরে প্রথম ধাপের নির্বাচন কার্য পরিচালনা করা সম্ভব হয়।








































































































































