অনলাইন ডিজিটাল ডেস্ক।।

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশের পাল্টা গুলিতে জসিম (২৪) নামের এক তরুণ গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) বেলা সোয়া তিনটার দিকে ফতুল্লার ইসদাইর রেলস্টেশনের পাশে আরবান স্কুলের সামনে এ গোলাগুলি ঘটনা ঘটে।

এসময় গুলিবিদ্ধ জসিমসহ দুজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়েছে। অভিযানে পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন। আহতদের শহরের খানপুরের ৩'শ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযানে আটকৃতরা হলেন- ইসদাইর এলাকার রেজ্জাক বাহিনীর প্রধান রেজ্জাকের ছেলে জসিম এবং একই এলাকার আবদুস সালামের ছেলে মোহন (২৩)। তারা দুজন মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী বলে স্থানীয়রা জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মাদক কারবারি আবদুর রাজ্জাকের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল প্রতিপক্ষের কাছ থেকে ইসদাইর এলাকার দখল নিতে অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। ঘটনাস্থলে পুলিশকে দেখেই মাদক কারবারিরা পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি বর্ষণ এবং ইট-পাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে ও আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি বর্ষণ করে।

এসময় পুলিশের এসআই রফিক এবং নন্দন চন্দ্র মাদক কারবারিদের লক্ষ্য করে ৮ রাউন্ড গুলি ছোড়ে। এতে জসিম নামে এক মাদক কারবারি ডান পায়ের উরুতে গুলিবিদ্ধ হয়। পরে তাকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, মাদকবিরোধী অভিযানে পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে এক অস্ত্রধারী ঊরুতে গুলিবিদ্ধ লাগে। এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনায় জড়িত অন্যদেরকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা অব্যহত রয়েছে, তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে গত ২ এপ্রিল ইসদাইরের ৫২ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে ৫৩টি গুলিসহ রেজ্জাক বাহিনীর প্রধান রেজ্জাক ও তার ছেলে ওয়াসিমকে গ্রেপ্তার করে পুলিশ। রেজ্জাকের বিরুদ্ধে হত্যা, অপহরণ, মাদক, চাঁদাবাজিসহ ১২টি মামলা আছে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক-অস্ত্র ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে। বর্তমানে মাদক কারবারি ও সন্ত্রাসী রেজ্জাক জামিনে থাকলেও তাঁর ছেলে ওয়াসিম কারাগারে রয়েছে।