চট্টগ্রামের পাঁচলাইশ থানার চশমাহিল এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পারিবারিক বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চশমাহিলের ওই বাসভবনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নওফেলের ভাই অভিযোগ করেন, তাদের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ জাহেদুল ইসলাম জানান, সিসি ক্যামেরার ফুটেজে রাত ২টার দিকে ওই বাড়ির সামনে সাতজন তরুণ-যুবককে দেখা গেছে। তারা আগুন ধরানোর চেষ্টা করে। বাসার সামনে একটি পাইপলাইনে আগুন ধরে যায়। স্থানীয়রা ঘটনাস্থলে এলে তারা চলে যায়।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ৫ আগস্ট ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অংশ নেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। স্থানীয়দের ধারণা, এই ঘটনার জেরে নওফেলের বাড়িতেও আগুন দেওয়া হয়েছে।
এদিকে, একই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হওয়ায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন দেওয়া হয়। জুলাই গণ-অভ্যুত্থানের পর ওই বাড়িতে কয়েকদফা হামলার ঘটনা ঘটে। এরপর থেকে বাড়িটি খালি পড়ে আছে। অন্তর্বর্তী সরকারের আমলেও বাড়িটিতে কয়েকবার হামলা করা হয়।
