অনলাইন ডিজিটাল ডেস্ক।।
আর কয়েক ঘণ্টা পরই বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী। একই সরলরেখায় সূর্য, চাঁদ ও পৃথিবী অবস্থান করায় সৃষ্টি হবে পূর্ণ সূর্যগ্রহণ। ধরণীতে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিলো দুই হাজার চব্বিশের এপ্রিলে। দুই বছর পর আবারও পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দৃশ্য দেখতে যাচ্ছে পৃথিবীবাসী।
এবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সবচেয়ে ভালোভাবে দেখা যাবে ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া ও পর্তুগালসহ উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু এলাকাতেও গ্রহণটি দৃশ্যমান হবে। ১৯৯৯ সালের পর এই প্রথম ইউরোপের মূল ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখার সুযোগ তৈরি হয়েছে।বিরল এই মহাজাগতিক দৃশ্য দেখতে ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীরা নির্দিষ্ট এলাকাগুলোতে জড়ো হয়েছেন। তবে কয়েকটি অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস থাকায় গ্রহণ দেখার ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তাও তৈরি হয়েছে।
নাসার তথ্য অনুযায়ী, প্রতিবছর পৃথিবীর কোথাও না কোথাও দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ ঘটে। তবে এর মধ্যে পূর্ণ সূর্যগ্রহণ তুলনামূলকভাবে বিরল। গড়ে প্রতি দেড় বছর পর পৃথিবীর কোনো না কোনো অঞ্চল থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যায়। আর এক শতাব্দীতে গড়ে প্রায় ৬৬টি পূর্ণ সূর্যগ্রহণ ঘটে।
