অনলাইন ডিজিটাল ডেস্ক।।

 

বাংলাদেশ পুলিশে আবারও বড় ধরনের রদবদল আনা হয়েছে। চারজন ডিআইজিসহ মোট ১৪ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে বদলি করে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশ সদর দপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এদিকে, গত ২৮ জুন জারি করা এক প্রজ্ঞাপনে সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে এফডিএমএন কার্যালয়, এপিবিএনে বদলির যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।

এছাড়াও অন্যান্য বদলির মধ্যে রয়েছে—পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে সিআইডিতে, অ্যান্টি টেরোরিজম ইউনিটের আবু আশ্রাফকে পাবনার পুলিশ সুপার হিসেবে এবং একই ইউনিটের পুলিশ সুপার শরিফ উদ্দিন আহমেদকে র‍্যাবে পদায়ন করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. কফিল উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।