
নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে কর্মরত এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৮টার দিকে ফতুল্লার ইসদাইর পৌর স্টেডিয়াম-সংলগ্ন কামাল হাজীর পাঁচতলা ভবনের একটি ভাড়া বাসা থেকে এএসআই (সশস্ত্র) মো. আবু হানিফের মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, নিহত আবু হানিফ টাঙ্গাইলের কালীহাতী ইছাপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত ইয়াকুব মুন্সীর ছেলে এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, তিনি গত ২৫ জুলাই থেকে পাঁচ দিনের অসুস্থতাজনিত ছুটিতে ছিলেন।
পুলিশের তথ্য সূত্রে জানা গেছে, আবু হানিফের স্ত্রী বাকপ্রতিবন্ধী এবং তাঁদের কোনো সন্তান নেই। স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির জেরে রাগে ক্ষোভে আগের দিন তাঁর স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর তিনি নিজের কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে প্লাস্টিকের দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তদন্তকারী পুলিশ পরিদর্শক আরও বলেন, সাংসারিক কলহের কারণে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.