সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি ইস্যুতে মতবিনিময় সভা রণক্ষেত্র, আহত অর্ধশতাধিক
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৩৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে
সংঘর্ষ-ভাঙচুরে অর্ধশতাধিক আহতের দাবি, পুলিশি নিরাপত্তায় উদ্ধার রাজনৈতিক নেতারা..!
ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি-সংক্রান্ত মতবিনিময় সভা মুহূর্তেই রূপ নেয় সংঘর্ষে। ইউনিয়ন বিভক্তির পক্ষে ও বিপক্ষে অবস্থান নেওয়া দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং ব্যাপক ভাঙচুরের ঘটনায় পুরো ইউনিয়ন পরিষদ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তবে আহতের সংখ্যা কিংবা হতাহতের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে রাত পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য নিশ্চিত করা হয়নি।
জানা গেছে, হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তির প্রস্তাব নিয়ে স্থানীয় জনগণের মতামত গ্রহণের লক্ষ্যে ইউনিয়ন পরিষদে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান ছিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক ওসমান গনী, অর্থ সম্পাদক এফ. এ. সোহেল চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ হোছন, উপজেলা প্রশাসনের প্রতিনিধি, উপজেলা ভূমি কর্মকর্তা, হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজালাল, জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ওয়ার্ডের সর্বস্তরের মানুষ।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ইউনিয়ন বিভক্তির বিরোধিতাকারীদের একটি বিক্ষোভ মিছিল ইউনিয়ন পরিষদ চত্বরে এসে অবস্থান নেয়। তাদের হাতে ছিল ইউনিয়ন বিভক্তি না করার দাবিসংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিস্থিতি শান্ত রাখতে সভার ভেতর থেকে বিক্ষোভকারীদের আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরীর নেতৃত্বে কয়েকজন চেয়ার হাতে বাইরে বের হলে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা, পরে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। অল্প সময়ের মধ্যেই সংঘর্ষ পুরো ইউনিয়ন পরিষদ চত্বরে ছড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। ইউনিয়ন পরিষদের দরজা, জানালা, চেয়ার-টেবিলসহ বিভিন্ন সরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজালাল আহত হয়েছেন বলেও জানা গেছে।
পরিস্থিতির অবনতি হলে সভায় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দকে নিরাপত্তার স্বার্থে ইউনিয়ন পরিষদের দ্বিতীয় তলায় সরিয়ে নেওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ নেতাকর্মীদের নিরাপদে উদ্ধার করে।
বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক পরিচয়দানকারী এবং জনস্বার্থে দুর্নীতির তথ্য প্রকাশকারী আবদুর রহিম দাবি করেন, বিক্ষোভকারীদের ওপর হামলার চেষ্টা থেকেই সংঘর্ষের সূচনা হয়েছে।
অন্যদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজালাল বলেন, “আজকের ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে আমার কাছে মনে হয়েছে।” ইউনিয়ন পরিষদের সচিবও ঘটনার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
ঘটনাস্থলে উপস্থিত অনেক স্থানীয় বাসিন্দা বলেন, তারা ইউনিয়ন বিভক্তির বিরোধী। তাদের মতে, ইউনিয়ন বিভক্তি বাস্তবায়িত হলে সাধারণ মানুষের প্রশাসনিক সেবা গ্রহণে ভোগান্তি বাড়বে এবং নতুন জটিলতা সৃষ্টি হবে।
এদিকে টেকনাফ উপজেলা বিএনপির অর্থ সম্পাদক এফ. এ. সোহেল চৌধুরী এক বিবৃতিতে সংঘর্ষের নিন্দা জানিয়ে বলেন, গণতান্ত্রিক সমাজে মতপার্থক্যের সমাধান সহিংসতার মাধ্যমে নয়, বরং আলোচনার টেবিলেই হওয়া উচিত। তিনি সভায় উপস্থিত নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করায় প্রশাসনের ভূমিকাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন এবং ইউনিয়ন বিভক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
রাত পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা, আটক কিংবা গ্রেপ্তারের আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট প্রশাসনিক সূত্র জানিয়েছে, ঘটনার সার্বিক বিষয় তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































