নারায়ণগঞ্জে দিনমজুরের রহস্যজনক মৃত্যু, শরীরে নির্যাতনের চিহ্ন প্রস্ফুটিত
- আপডেট সময়- ০৪:৫২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাইলো গেট এলাকায় সাদ্দাম সরদার (৩৫) নামে এক দিনমজুরের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও দগ্ধের চিহ্ন পাওয়া গেছে। তাকে নির্যাতনের পর হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে সাইলো গেট সংলগ্ন জাকির হোসেনের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম সরদার কুমিল্লার দাউদকান্দি উপজেলার রফারদিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের সাইলো গেট এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করতেন এবং দিনমজুর (কুলি) হিসেবে কাজ করতেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে সাদ্দামের অসুস্থতার খবর পেয়ে তার বাবা আব্দুর রাজ্জাক কুমিল্লা থেকে সিদ্ধিরগঞ্জে আসেন। পরে তাকে নারায়ণগঞ্জের খানপুর ৩’শ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
তবে, সাদ্দাম চিকিৎসা নিতে অস্বীকৃতি জানিয়ে পুনরায় সাইলো গেট এলাকায় ফিরিয়ে নেওয়ার অনুরোধ করলে, রাত ৮টার দিকে তাকে সেখানে নিয়ে আসা হয়। এরপর রাত সোয়া ১২টার দিকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন।
পুলিশ খবর পেয়ে,ঘটনাস্থলে গিয়ে সুরতহালে সাদ্দামের মরদেহে ডান হাতের ঘাড় থেকে কবজি পর্যন্ত ফোলা, কবজির ওপরের অংশে চামড়া উঠে যাওয়া, পেটের দুই পাশে কালচে আঘাতের দাগ এবং দুই পায়ের গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত একাধিক আঘাতের চিহ্ন দেখতে পায়। শরীরের কিছু অংশে দগ্ধেরও চিহ্ন ছিল।
এছাড়া নিহতের বাবার আচরণও কিছুটা রহস্যজনক বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা সাদ্দামকে নির্যাতন করে গুরুতর আহত করে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে এসব আঘাতই মৃত্যুর কারণ কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক(এসআই) মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































