অনলাইন নিউজ ডেস্ক।।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি অবশেষে উদ্ধার করা হয়েছে।
এদিকে, এ ঘটনায় চালক ও হেলপারকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এ সময় বাসে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাসের যাত্রীরা জানান, ফেরিতে ওঠার আগেই তারা বাস থেকে নেমে যান।
বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, এসবি পরিবহনের ঢাকাগামী বাসটি দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। এখন পর্যন্ত নিখোঁজের সংবাদ পাওয়া যায়নি।
রাজবাড়ীর জেলা প্রশাসক(ডিসি) আফরোজা পারভীন গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় হতাহতের কোনো তথ্য আমরা পাইনি। উদ্ধারকারী জাহাজ হামজা বাসটি উদ্ধার করেছে।
এসবি সুপার ডিলাক্স পরিবহনের দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক বারেক শেখ সাংবাদিকদের জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি সুপার ডিলাক্স পরিবহনে ৩৭ জন যাত্রী ছিলেন। এ ছাড়া বাসের তত্ত্বাবধায়ক, সহকারী, চালকসহ মোট ৪০ জনের মতো ছিলেন। বাসটি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিতে ওঠার চেষ্টাকালে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি ফেরির র্যামে আঘাত করে। এ সময় র্যাম ভেঙে বাসটি সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। বাসটির যাত্রীরা ঘাটে নেমে গিয়েছিলেন। শুধু চালক ও তার সহকারী বাসে ছিলেন। পরে তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
প্রসঙ্গত, এর আগে গত ২৫ মার্চ এই ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায় সৌহার্দ্য পরিবহনের একটি বাস। এতে ২৬ জনের মৃত্যু হয়। মাত্র আড়াই মাসের ব্যবধানে একই ঘাটে আবারও বাস নদীতে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রী ও স্থানীয়রা।
