রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১০ জুন) বিকেলে বাংলাদেশ আই হসপিটালের পাশের একটি ভবনে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেল নাগাদ আগুন লাগার খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আক্রান্ত ভবনটির ছাদ থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। আগুনের আতঙ্কে ভবনের তৃতীয় তলার গ্লাস ভেঙে ভবনের সঙ্গে লাগানো একটি জরুরি সিঁড়ি বেয়ে কয়েকজন ব্যক্তিকে জীবনের ঝুঁকি নিয়ে নিচে নামতে দেখা যায়। ভবনটির ভেতরে আরও কেউ আটকা পড়েছেন কি না, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, তারা বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। ভবনটির চারপাশের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে স্থানীয় থানা পুলিশ।





































































































