রাজধানী ঢাকায় উদ্ধারের পর এবার নারায়ণগঞ্জে উদ্ধার হলো অত্যাধুনিক মরনাস্ত্র ‘পেনগান’। গুলির খোসাসহ একটি ঝোপ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১১।
র্যাব-১১’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১টার দিকে ফতুল্লা নয়ামাটি ভাবির বাজার এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় স্থানীয় একটি মাদকের স্পটে কয়েকজন মাদকসেবী আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি ঝোপ থেকে পেনগানসহ গুলির খালি খোসা উদ্ধার করা হয়। উদ্ধার করা পেনগান ও তার খালি খোসার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং র্যাবের পক্ষ থেকে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে গত ৭ এপ্রিল রাজধানী ঢাকার লালবাগ এলাকায় সন্ত্রাসীদের কাছ থেকে একই ধরণের একটি ‘পেনগান’ উদ্ধার করে পুলিশ। এর পর থেকে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে।
