এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
- আপডেট সময়- ০৬:০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৪ বার পড়া হয়েছে
অনলাইন ডিজিটাল ডেস্ক।।
চলতি বছরের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে আয়োজনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষা কেন্দ্রগুলোর নজরদারি ব্যবস্থা ও প্রশ্নপত্র গ্রহণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিস্তারিত তথ্য দ্রুত বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার(১ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা-২০২৬ উপলক্ষে সব কেন্দ্রের সিসিটিভি ক্যামেরার DVR/NVR-এর সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ সচল রাখতে হবে। পাশাপাশি কেন্দ্রের সিসিটিভি সংক্রান্ত তথ্য ও ট্রেজারি বা থানা থেকে প্রশ্নপত্র গ্রহণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে বোর্ডে পাঠাতে হবে।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী আগামী ৮ জুনের মধ্যে controller@dhakaeducationboard.gov.bd ই-মেইল ঠিকানায় সিসিটিভি ক্যামেরার আইডি, পাসওয়ার্ড, ক্যামেরার ব্র্যান্ড ও ডিভাইসের সিরিয়াল নম্বর পাঠাতে হবে। একই সঙ্গে প্রশ্নপত্র গ্রহণে নিয়োজিত শিক্ষক, কর্মচারী ও ট্যাগ কর্মকর্তাদের নাম, ঠিকানা এবং মোবাইল নম্বরও জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পাঠানোর জন্য সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।




































































































