
অনলাইন ডিজিটাল ডেস্ক।।
দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা।
রোববার (২৮ জুন) থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। ফলে অপেক্ষায় থাকা ভ্রমণপ্রত্যাশীরা নতুন নিয়মে অনলাইনে আবেদন করে পুনরায় ভারতে ভ্রমণের সুযোগ পেলেন।
প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) মাধ্যমে পর্যটন ভিসার আবেদন জমা দেওয়া যাবে। পরবর্তী সময়ে দেশের অন্যান্য শহরের আইভ্যাক কেন্দ্রেও এ সেবা চালু করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশি নাগরিকদের জন্য প্রায় সব ধরনের নিয়মিত ভিসা ইস্যু স্থগিত করে ভারত। একই সঙ্গে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় দেশজুড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রম।
পরে আগস্টের শেষ দিকে সীমিত পরিসরে পাসপোর্ট ফেরত দেওয়া শুরু হলেও পর্যটন ভিসা চালু হয়নি। এ সময় শুধুমাত্র জরুরি প্রয়োজন বিবেচনায় মেডিক্যাল, ব্যবসায়িক, শিক্ষার্থী ও সরকারি কিছু ক্যাটাগরির ভিসা ইস্যু করা হচ্ছিল।
☞ অনলাইনে আবেদন করবেন যেভাবে:
ভারতের ভিসার জন্য আবেদন করতে হলে প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র সঠিকভাবে পূরণ করার পর সেটি ডাউনলোড করতে হবে। এরপর অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে।
☞ অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের নিয়ম:
প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার আগের দিন অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে। পরবর্তী কার্যদিবসের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট আগের কার্যদিবসেই প্রকাশ করা হয়। দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাইন-আপ এবং ওয়েবফাইল আপলোড করা যাবে। যেসব আবেদনকারী সফলভাবে ওয়েবফাইল আপলোড করবেন, শুধুমাত্র তারাই একই দিন বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।
সাইন-আপের সময় ভিসার ওয়েবফাইলে ব্যবহৃত ই-মেইল ঠিকানা ব্যবহার করতে হবে। এরপর ই-মেইল ও মোবাইলে পাঠানো পৃথক দুটি ওটিপি দিয়ে যাচাই সম্পন্ন করতে হবে। ব্যক্তিগত তথ্য দিয়ে নিবন্ধন শেষ করতে হবে। বিকেল সাড়ে ৪টার আগে সাইন-আপ সম্পন্ন না করলে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না।
নিবন্ধন শেষ হলে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইনের পর মোবাইলে পাঠানো ওটিপি দিয়ে প্রবেশ করলে অ্যাপয়েন্টমেন্ট পেজে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট থেকে তথ্য স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে যুক্ত হবে। সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু হলে পুনরায় লগইন করে নির্ধারিত স্লট নিশ্চিত করতে হবে। প্রয়োজনে একবার স্লট পরিবর্তনের সুযোগ থাকবে। অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর অনলাইনে ভিসা প্রসেসিং ফি পরিশোধ করতে হবে।
আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ হতে হবে এবং তা ৩০ দিনের বেশি পুরোনো হওয়া যাবে না। পরিবর্তিত, সম্পাদিত বা বিকৃত ফাইল গ্রহণযোগ্য হবে না।
➤ ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
ভিসা আবেদন জমা দেওয়ার সময় কমপক্ষে ছয় মাস মেয়াদসহ মূল পাসপোর্ট, যাতে অন্তত দুটি খালি পৃষ্ঠা থাকবে, জমা দিতে হবে। পাসপোর্টের প্রথম চার পৃষ্ঠার কপি এবং মেয়াদ বাড়ানোর অনুমোদন থাকলে তার কপিও দিতে হবে। পাশাপাশি পুরোনো সব পাসপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক।এ ছাড়া তিন মাসের মধ্যে তোলা ২×২ সাইজের রঙিন পাসপোর্ট ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের কপি, ছয় মাসের মধ্যে ইস্যু করা ইউটিলিটি বিল, পেশার প্রমাণ হিসেবে চাকরিজীবীদের নিয়োগপত্র, শিক্ষার্থীদের পরিচয়পত্র এবং ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স জমা দিতে হবে।
আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে ১৫০ মার্কিন ডলারের সমমূল্যের বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট, আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপি অথবা হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। পাশাপাশি রেজিস্ট্রেশন নম্বরসহ অনলাইন আবেদনপত্র এবং আবেদনপত্রে নির্ধারিত স্থানে স্ক্যান করা ছবি আপলোড করতে হবে।
⇨ ভিসা ফি:
পর্যটন ভিসার জন্য কোনো ভিসা ফি নেই। তবে সব ধরনের ভিসার আবেদন প্রক্রিয়াকরণের জন্য আইভ্যাক ১ হাজার ৫০০ টাকা সার্ভিস চার্জ গ্রহণ করে। অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময় অনলাইনে এই অর্থ পরিশোধ করতে হবে।
☞ পাসপোর্ট ফেরত পাবেন যেভাবে;
ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে জানানো হবে। এরপর নির্ধারিত সময় অনুযায়ী সংশ্লিষ্ট আইভ্যাক কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.