খানজাহান আলী মাজারের দিঘিতে এবার এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির
- আপডেট সময়- ০৫:৫৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
অনলাইন নিউজ ডেস্ক।।
বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী মাজারের দিঘিতে এক শিশুকে কুমির টেনে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (১ জুন) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুটির নাম ফাতেমা, তার বয়স আনুমানিক সাত বছর।ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে।
ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মো. দুলাল হোসেন জানান, প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী ফাতেমা দিঘির ঘাটে হাত-মুখ ধোয়া বা গোসলের জন্য নেমেছিল। এ সময় হঠাৎ একটি কুমির তাকে পানির নিচে টেনে নিয়ে যায়।
শিশুটির সঙ্গে অভিভাবক ছিলেন কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শিশুটির মা সেখানে উপস্থিত ছিলেন। তবে তিনি মানসিকভাবে অসুস্থ হওয়ায় ঘটনাটি প্রতিরোধ বা বুঝে ওঠা সম্ভব হয়নি। তিনি আরও জানান, মা ও মেয়ে দর্শনার্থী নন; তারা দীর্ঘদিন ধরে মাজার এলাকায় বসবাস করে আসছেন।
ঘটনার খবর পেয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী সংস্থাগুলো শিশুটির সন্ধানে রাতভর অভিযান চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, এর আগেও চলতি বছরের ৮ এপ্রিল একই দিঘিতে কুমিরের আক্রমণের একটি ঘটনা আলোচনায় আসে। সে সময় পুকুরঘাটের কাছে থাকা একটি প্রাণীকে কুমির টেনে নেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































