আজ ২৫শে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম আবির্ভাব দিবস। ১২৬৮ বঙ্গাব্দের এই দিনেই ভারতের কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদাসুন্দরী দেবীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন বাংলা সাহিত্যের এই প্রবাদপ্রতিম কিংবদন্তী পুরুষ।
বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বের দরবারে অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়ার কারিগর ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। মাত্র আট বছর বয়সে এই গুনির কাব্যচর্চা শুরু হয়। দীর্ঘ জীবনে তিনি সৃষ্টি করেছেন ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস এবং ৩৬টি প্রবন্ধসহ বিপুল সংখ্যক ছোটগল্প ও গদ্য সংকলন। ১৯১৩ সালে 'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থের জন্য প্রথম এশীয় হিসেবে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন।
ব্যক্তিগত জীবনে রবীন্দ্রনাথ ১৮৯১ সাল থেকে বাবার আদেশে কুষ্টিয়ার শিলাইদহ, পাবনা, রাজশাহী ও ওড়িশার জমিদারি তদারকি করেন। কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে তিনি তাঁর জীবনের অনেকটা সময় অতিবাহিত করেন এবং সেখানে বহু অমর সৃষ্টি রচনা করেন। ১৯০১ সালে তিনি সপরিবারে বীরভূমের শান্তিনিকেতনে চলে আসেন, যা পরবর্তীতে তাঁর শিক্ষা ও দর্শনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
রবীন্দ্রনাথের সাহিত্যজগৎ ছিল বৈচিত্র্যময়। তাঁর সৃষ্ট চারুলতা, বিনোদিনী কিংবা গোরার মতো চরিত্রগুলো আজও বাঙালির সামাজিক ও মানসিক চেতনার প্রতিফলন হিসেবে জীবন্ত হয়ে আছে। স্বদেশপ্রেম, বিশ্বমানবতা এবং আত্মসচেতনতার যে দীপ্তি তিনি ছড়িয়ে গেছেন, তা আজও বিশ্বজুড়ে সমানভাবে সমাদৃত।
☞ বিটিভির বিশেষ আয়োজন:
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। অনুষ্ঠানের সূচি নিচে দেওয়া হলো:
সকাল ৯টা: বিশেষ শিশুতোষ অনুষ্ঠান।
সকাল ১০টা ৫ মিনিট: রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান ‘গীতবিতান’।
সন্ধ্যা ৬টা: বিশেষ কবিতা আবৃত্তির অনুষ্ঠান।
রাত ৯টা: কবিগুরুর গল্প অবলম্বনে নাটক ‘সম্পত্তি সমর্পণ’।
রাত ১০টা: সংবাদ পরবর্তী বিশেষ রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান (৯টি জনপ্রিয় গানসহ)।
রাত ১১টা: গীতিনৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’।
বিশ্বকবির ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্রে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রবীন্দ্র মেলার আয়োজন করা হয়েছে। বাঙালির প্রতিটি আবেগ ও অনুভূতিতে মিশে থাকা এই মহান কবিকে আজ গভীর শ্রদ্ধায় স্মরণ করছে তাঁর অগণিত ভক্ত ও অনুরাগী।
