মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র মসজিদের ভেতরে ঢুকে হাফিজ মিয়া (৫০) নামে এক মুসল্লিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার (৩ মে) ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ফজরের নামাজের সময় এ নৃশংস ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত হাফিজ মিয়া ওই এলাকারই বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত একই এলাকার বাসিন্দা জসিম মিয়াকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যান হাফিজ। নামাজের প্রস্তুতির সময় হঠাৎ জসিম তার ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েন। এরপর মসজিদের ভেতরেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান হাফিজ। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জসিমকে আটক করে।
তবে, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে তা অবশ্য জানাতে পারেননি স্থানীয়রা। তবে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান পরিচালনা করে হামলাকারীকে আটক করে। এখন তিনি আমাদের হেফাজতে রয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





































































































