অনলাইন ডেস্ক।।
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন করেছেন।
রোববার (৩ মে) সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী সকাল ১০টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ সচিবালয় থেকে হেঁটে মিলনায়তনে পৌঁছান। এ সময় রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানালে তিনি হাত নেড়ে সাড়া দেন।
সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সারাদেশের জেলা প্রশাসকরা উপস্থিত রয়েছেন। এখানে মাঠ প্রশাসনের কাছে সরকারের নীতিনির্ধারণী দিকনির্দেশনা তুলে ধরা হচ্ছে।
বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম ডিসি সম্মেলন। চার দিনব্যাপী এই সম্মেলনে মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হবে, যার মধ্যে ৩০টি কার্য অধিবেশন। এতে ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের ৪৯৮টি প্রস্তাব উত্থাপন করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, মাঠ প্রশাসন থেকে মোট ১ হাজার ৭২৯টি প্রস্তাব পাওয়া গেলেও সেখান থেকে বাছাই করে এসব প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, ই-গভর্নেন্স, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবারের সম্মেলনের আলোচ্যসূচিতে স্থান পেয়েছে।