টেকনাফ প্রতিনিধি।।
মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
র্যাব জানায়, শনিবার(১৮ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গফুর আলম (৩১) গ্রেপ্তার হন। অর্থদণ্ড অনাদায়ে তার আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।
গ্রেপ্তার গফুর আলম টেকনাফ উপজেলার উত্তর নাজিরপাড়া এলাকার আবুল হাসেমের ছেলে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জননিরাপত্তা ও অপরাধ দমনে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।