হামের (হাম রোগের প্রাদুর্ভাবে) কারণে প্রতিটি শিশু মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে অবিলম্বে হত্যা মামলা করা উচিত বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে দর্শকের এক প্রশ্নের জবাবে তিনি এই দাবি জানান।
মাসুদ কামাল বলেন, জুলাই আন্দোলনে বেশ কয়েকজন শিশু প্রাণ হারিয়েছে এবং সেইসব মৃত্যুর ঘটনায় আমরা মামলা করেছি। বর্তমান পরিস্থিতিতে হামের কারণে যে শিশুগুলো মারা যাচ্ছে, সেগুলোও কি মৃত্যু নয়? আন্দোলনের সময় শিশুরা মারা গিয়েছিল কারো ক্ষমতা লোভের কারণে, আর এখন শিশুরা মারা যাচ্ছে যাদের ওপর দায়িত্ব অর্পণ করা হয়েছে তাদের চরম অবহেলার কারণে। এই অবহেলার শাস্তি অবশ্যই হওয়া উচিত।”
তিনি আরও বলেন, “আমি মনে করি প্রতিটি শিশু মৃত্যুর জন্য অবিলম্বে বিচারের ব্যবস্থা করা এবং হত্যা মামলা করা জরুরি। তদন্তের মাধ্যমে দায়ীদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নিতে হবে। কেউ যদি মনে করেন আগের সরকার বা বর্তমান সরকারের দোহাই দিয়ে পার পেয়ে যাবেন, তবে তা হতে পারে না। এমনকি অভিযুক্ত কেউ অসুস্থ বা ক্যান্সারের রোগী হলেও তাকে বিচারের আওতায় আনতে হবে।”
মাসুদ কামালের মতে, মৃত্যু যে কারণেই হোক, যদি সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা থাকে, তবে সেটির বিচার হওয়া ন্যায়বিচারের অংশ। হামে শিশু মৃত্যুর ক্রমবর্ধমান ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং যথাযথ তদন্তের দাবি জানান।





































































































