বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের কাজ শুরু করেছে সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য মো. মনোয়ার হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। ওই সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন চলছিল।
আইনমন্ত্রী জানান, রাজনৈতিক হয়রানিমূলক মামলা পর্যালোচনার জন্য গত ৫ মার্চ জেলা প্রশাসকের (ডিসি) সমন্বয়ে চার সদস্যবিশিষ্ট একটি জেলা কমিটি গঠন করা হয়েছে। এছাড়া জেলা কমিটির সুপারিশগুলো চূড়ান্তভাবে পরীক্ষা-নিরীক্ষার জন্য গত ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি ‘কেন্দ্রীয় কমিটি’ গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক মামলা প্রত্যাহারের উদ্যোগ নিলেও তখন কোনো হত্যা মামলা প্রত্যাহার করা হয়নি। তবে বর্তমান সরকারের অধীনে সংসদ সদস্যসহ যেকোনো ব্যক্তির বিরুদ্ধে দায়েরকৃত যেকোনো ধরনের মামলা (হত্যা মামলাসহ) যদি রাজনৈতিকভাবে হয়রানিমূলক বা মিথ্যা বলে প্রমাণিত হয়, তবে যথাযথ প্রক্রিয়ায় আবেদনের ভিত্তিতে তা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী আশ্বস্ত করেন যে, সরকার রাজনৈতিক কারণে ভুক্তভোগীদের প্রতিকার প্রদানে সম্পূর্ণ আন্তরিক। জেলা কমিটি থেকে আসা সুপারিশগুলো কেন্দ্রীয় কমিটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মামলা প্রত্যাহারের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।





































































































