ওমরাহ্ হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার পথে দৈনিক অবজারভারের সম্পাদক ও প্রবীণ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে তাকে বিদেশ যেতে বাধা দিয়ে ‘অফলোড’ করা হয়।
বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, ইকবাল সোবহান চৌধুরী সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৯ ফ্লাইটে জেদ্দার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। তবে ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছালে তাকে আটকে দেওয়া হয়। পরে দুপুর ২টা ১০ মিনিটের দিকে তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে দায়ের হওয়া একাধিক মামলার আসামি হওয়ার কারণে ইমিগ্রেশন বিভাগের ‘স্টপলিস্ট’ বা বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার তালিকায় তার নাম রয়েছে। এ কারণেই তাকে ভ্রমণে অনুমতি দেওয়া হয়নি। এই ঘটনায় ইমিগ্রেশন পুলিশ একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছে। বিমানবন্দর থেকে ফেরত আসার পর তিনি নিজ বাসায় ফিরে যান।





































































































