ত্রয়োদশ জাতীয় নির্বাচন শেষ হওয়ার পর এখন নতুন সরকারের আনুষ্ঠানিক শপথের অপেক্ষায় রয়েছে দেশ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। ইতোমধ্যে অনুষ্ঠান ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে।

ওইদিন সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। একই দিন বিকেলে হবে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদসদ্যদের শপথ অনুষ্ঠান। ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সচিবালয় সূত্রে জানা যায়, নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনই পড়াবেন। আর এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর শুক্রবার নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হয়। এরপর আলোচনায় আসে শপথ ও ক্ষমতা হস্তান্তরের বিষয়টি।

পরে শনিবার গণমাধ্যমকে মন্ত্রিপরিষদ সচিব জানান, শপথ আয়োজনের সব প্রস্তুতি শেষ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।