কিশোরগঞ্জ প্রতিনিধি।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন কিশোরগঞ্জ–৬ (কুলিয়ারচর–ভৈরব) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শরীফুল আলম। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ৪৩ হাজার ৬৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হন, যা এবারের নির্বাচনে সর্বোচ্চ ব্যবধান হিসেবে বিবেচিত হচ্ছে।
এই আসনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা আতাউল্লাহ আমীন। নির্বাচনে আতাউল্লাহ আমীন পেয়েছেন ৪৪ হাজার ৯৫ ভোট। অন্যদিকে শরীফুল আলম পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট।
কুলিয়ারচর ও ভৈরব উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ২৮ হাজার ৮০৪ জন। এর মধ্যে ২ লাখ ৩৭ হাজার ৯৯০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট পড়ার হার ছিল ৫৭ দশমিক ০৩ শতাংশ।
শরীফুল আলম কিশোরগঞ্জ জেলা বিএনপির শীর্ষ নেতা এবং বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।এবার বিপুল ব্যবধানে বিজয়ের পর এলাকায় আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রত্যাশা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার মূল্যায়ন করে তাঁকে সরকারের গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করবেন।
এলাকাবাসীর বিশ্বাস, শরীফুল আলম মন্ত্রিত্বের দায়িত্ব পেলে কুলিয়ারচর–ভৈরব অঞ্চলের শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।