রূপগঞ্জ থানা প্রাঙ্গণে এক সংবাদ ব্রিফিংয়ে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শরীফুল ইসলাম বলেন, শুক্রবার সকালে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ উপজেলার ভুলতার লাভরাপাড়া এলাকায় রূপগঞ্জ আর্মি ক্যাম্পের একটি টহল দল বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়।
এ সময় মাদক সংশ্লিষ্টতা থাকায় লাভরাপাড়া এলাকা থেকে আমানুল্লাহর ছেলে তানজিল (২৮) রোকনের ছেলে রেদোয়ান (২৩), হেলাল উদ্দিনের ছেলে রিফাত (১৮)নামের ৩জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আসামী ও উদ্ধারকৃত মাদকসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
তিনি আরও বলেন, রূপগঞ্জ আর্মি ক্যাম্পের নিয়মিত টহল পরিচালনার সময় ভুলতা এলাকার লাভড়াপাড়া এলাকায় একটি মাদক সরবরাহকারী সংঘবদ্ধ চক্রের মাদকের চালানের তথ্য প্রাপ্ত হয়ে সাথে সাথে টহল দলটি উক্ত এলাকায় গমন করে অত্যন্ত দ্রুততার সাথে অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় একটি পুকুর সংলগ্ন এলাকার কয়েকটি স্থান হতে ১,৬২১ বোতল ফেনসিডিল, ১০,০০০ পিস ইয়াবা, ১৩৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক চোরাচালানকারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদক সামগ্রীর আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকারও বেশি।
তিনি জানান, বাংলাদেশ সেনাবাহীনি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর।












































































































































