যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে রাতভর সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে বাসের চালক, হেলপারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, দিনাজপুর সদরের নানদেরাই গ্রামের বাসের চালক আলতাফ (২৫), ফরিদপুরের নগরকান্দার চারহাট গ্রামের হেলপার সাগর (২৪) ও হবিগঞ্জ সদর থানার আব্দুল্লাহপাড়া এলাকার চালকের সহযোগী রাব্বি (২১)।

মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ বলেন, গত বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার একটি সরকারি কলেজের ছাত্রী (২৬) ঢাকার রেডিওকলোনি থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনের চন্দ্রা টু ঢাকার গাড়িতে ওঠেন।ছাত্রীটি বিবাহিতা। বাসে তখন দুজন যাত্রী ছিলেন। পরে যাত্রীরা নামার পর ওই কলেজছাত্রীকে জোর করে আটকে রেখে চালক-হেলপার ও হেলপারের সহযোগী স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে বাসটি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে ওই তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ ও সেই দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করে।

পরবর্তীতে যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের ঢাকাগামী লেনের করটিয়া আন্ডারপাস এলাকায় মহাসড়কের ওপর বাসটি সন্দেহজনক অবস্থায় দাঁড় করালে হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করে জিজ্ঞাসাবাদে ঘটনা জানতে পারে। ভুক্তভোগী ও গাড়িসহ গ্রেপ্তারদের টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, ধর্ষণের ঘটনায় মামলা করা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।