নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাত সাব্বিরসহ ২ সহযোগী র্যাবের জালে
- আপডেট সময়- ০৪:৩৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ১২৩ বার পড়া হয়েছে
স্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় দুর্ধর্ষ ডাকাত সাব্বির ও তার দুই সহযোগীকে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১।
রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৩টা ২০ মিনিটে ফতুল্লা থানাধীন গুদারাঘাট হাজীর মাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ সূত্র জানায়, গোপন তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি চৌকস অভিযানিক দল ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র চাপাতি ও অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. সাব্বির (৩৮), তার সহযোগী মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ি থানার আড়িয়াল ইউনিয়নের ইসলামপাড়া এলাকার মো. জুয়েলের ছেলে মেহেদী হাসান রবিন (২৫) ও নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকার ওমর খৈয়মের ছেলে মো. ইমন (৩৫)।
র্যাব আরও জানায়, মো. সাব্বির একজন কুখ্যাত ডাকাত ও মাদক কারবারি। তার বিরুদ্ধে ডাকাতি, চুরি, ছিনতাই, মাদক ও হত্যাসহ বিভিন্ন থানায় মোট ৪টিরও অধিক মামলা রয়েছে। চিহ্নিত ডাকাত সাব্বির তার সহযোগীরা ফতুল্লা থানাসহ জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি, ছিনতাই ও মাদক কেনাবেচার মাধ্যমে দীর্ঘদিন ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল।এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে এবং গণমাধ্যমে একাধিকবার তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের একাধিকবার খবর প্রকাশিত হওয়ার পর র্যাব নজরদারি বাড়ায় বলে জানানো হয়। গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ




































































































