বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারি ক্যাম্পে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে।
বুধবার (১৮ জুন) গভীর রাতে দেড় ঘণ্টাব্যাপী এই অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও সেনাবাহিনীর পোশাকসহ দুই নারীকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন ফারজানা আক্তার (৩০) ও আয়েশা বেগম (৫০)। এ সময় তাদের কাছ থেকে ১৭ পিস ছোট-বড় বিভিন্ন দেশীয় অস্ত্র, নগদ সাত হাজার ১১৩ টাকা, ৮৪ রোল ও ২০০ গ্রাম গাঁজা, ১১টি মোবাইল ফোন এবং একটি ডিজিটাল পাল্লা জব্দ করা হয়েছে।এছাড়াও তাদের কাছে সেনাবাহিনীর পোশাক পাওয়া গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানিয়েছেন, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে পরিচালিত এই অভিযানে আটককৃত দুই নারীকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।