প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৬:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২৪, ৭:৫৯ পি.এম
খোকসায় সহপাঠীদের সঙ্গে বেড়াতে গিয়ে গড়াই নদে স্কুলছাত্র নিখোঁজ

হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার খোকসায় সহপাঠীদের সঙ্গে বেড়াতে গিয়ে গড়াই নদে ডুবে আমান হাসান (১৪) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার জানিপুর ইউনিয়নের জানিপুর ঘাটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আমান হাসান জানিপুর ইউনিয়নের একতারপুর এলাকার শামীম হাসানের ছেলে। সে খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
খোকসা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ছাত্রকে উদ্ধারে কাজ করছে। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
নিখোঁজ শিক্ষার্থীর নিকটাত্মীয় সাবুব আলম চঞ্চল বলেন, স্কুল থেকে আমান হাসানসহ আট সহপাঠী গড়াই নদের জানিপুর ঘাটসংলগ্ন একটি কফি হাউসে আসে। সেখান থেকে তারা গড়াই নদের চরে যায়। এ সময় আমান ব্লকের ওপর দাঁড়িয়ে ছিল। হঠাৎ পা পিছলে পানিতে পড়ে যায় সে। এক বন্ধু হাত ধরে টেনে তোলার চেষ্টা করে। নদে স্রোত বেশি থাকায় সাঁতার না জানায় আমান পানিতে তলিয়ে যায়।
বন্ধুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলেও আমান হাসানের সন্ধান পায়নি। খবর পেয়ে স্থানীয় জেলেরা ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে সন্ধান করতে থাকেন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর যায়েদ বলেন, ‘সহপাঠীরা মিলে স্কুল থেকে নদীর ধারে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে একজন পানিতে পড়ে নিখোঁজ হয়। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের পক্ষ থেকে উদ্ধার অভিযানের তদারক করা হচ্ছে।’
খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরুফা সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি জেনেছি। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। এ ছাড়া উদ্ধার অভিযানে অংশ নেওয়ার জন্য খুলনা থেকে আরেকটি ডুবুরি দল রওনা দিয়েছে।’
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.